ঢাকা
ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home জাতীয় পুলিশের শীর্ষ পর্যায়ে বাকেরগঞ্জের কৃতি সন্তান ইসরাইল হাওলাদার

পুলিশের শীর্ষ পর্যায়ে বাকেরগঞ্জের কৃতি সন্তান ইসরাইল হাওলাদার

অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি

ওবাইদুল ইসলাম অভি : বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে গৌরবের সঙ্গে জায়গা করে নিয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ইসরাইল হাওলাদার। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত এই কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইসরাইল হাওলাদারসহ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান।

বাকেরগঞ্জের গর্ব ইসরাইল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদী ইউনিয়নের বলইকাঠি গ্রামের সন্তান। তিনি মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাওলাদার ও মরহুমা কাজী সালমা বেগম (ময়না)-এর সুযোগ্য সন্তান।

নিজের মেধা, যোগ্যতা, সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি আজ পুলিশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদগুলোর একটিতে উন্নীত হয়েছেন। তার এই পদোন্নতিতে বাকেরগঞ্জসহ বরিশালবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, ইসরাইল হাওলাদারের এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং বাকেরগঞ্জের মানুষের জন্যও অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। তার এই সাফল্য আগামী প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

কর্মজীবনে দায়িত্বশীলতার স্বাক্ষর,দীর্ঘ কর্মজীবনে ইসরাইল হাওলাদার বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে তার দক্ষতা ও অভিজ্ঞতা তাকে পুলিশের গুরুত্বপূর্ণ নেতৃত্বের পর্যায়ে নিয়ে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ইসরাইল হাওলাদারের এই পদোন্নতিতে তার নিজ গ্রাম বলইকাঠি, চরাদী ইউনিয়ন এবং পুরো বাকেরগঞ্জজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

বাকেরগঞ্জের এই কৃতি সন্তান ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা তার পরিবার, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের।

নতুন দায়িত্বে ইসরাইল হাওলাদারের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেছেন এলাকাবাসী।

টাইম ভিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর