ঢাকা
ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডেঙ্গু প্রতিরোধে রুবেলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক মাইকিং

ডেঙ্গু প্রতিরোধে রুবেলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক মাইকিং

যশোর প্রতিনিধি : এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধ এবং এডিস মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক মাইকিং কর্মসূচি পরিচালনা করেছেন তরুণ সমাজসেবক বিল্লাল হোসেন রুবেল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার বিকেল থেকে উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) সদস্য পদপ্রার্থী বিল্লাল হোসেন রুবেল টাইমভিশনকে বলেন, জনসেবাই আমার মূল লক্ষ্য। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই আমাদের সচেতন হতে হবে। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, জনসেবা শুধু নির্বাচনের সময়ের জন্য নয়। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাঁদের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে আমি সব সময় এলাকাবাসীর সঙ্গে থাকতে চাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে এলাকায় পরিচিতি পেয়েছেন বিল্লাল হোসেন রুবেল। ডেঙ্গু প্রতিরোধে তাঁর এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

সচেতন মহলের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, প্রয়োজন এলাকাভিত্তিক সমন্বিত কার্যক্রম। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়বে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।