ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যশোর উপশহরের আনান স্বাভাবিক জীবনে ফিরতে চায়

যশোর উপশহরের আনান স্বাভাবিক জীবনে ফিরতে চায়

স্বাভাবিক জীবনে ফিরতে চায় উপশহরের ৮ বছরের আনান, চিকিৎসার জন্য প্রয়োজন ২ লাখ টাকা

বাবার সামান্য আয়ে সংসার চলে, মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা পরিবার; সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন

যশোর প্রতিনিধি: আর দশটা শিশুর মতো হাসি খেলায় মেতে ওঠা, স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এসবই ছিল আট বছরের ছোট্ট তাহসানি আনানের প্রতিদিনের জীবন।

কিন্তু একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই তার সেই স্বাভাবিক জীবনকে থমকে দিয়েছে। এখন তার দিন কাটছে অসুস্থতা আর চিকিৎসার অনিশ্চয়তায়। আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় ছোট্ট আনান। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না তার অসহায় পরিবার।

যশোর শহরের নতুন উপশহরের সি ব্লকের ৩০৯ নম্বর বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ ও শাহনাজ পারভীন দম্পতির মেয়ে তাহসানি আনান। সে ডি ব্লক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা একটি রেন্ট-এ-কারের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ে কোনোমতে চলে তাদের সংসার। এরই মধ্যে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বিকেলে স্থানীয় বি-ব্লক বহুমুখী মাদরাসায় মক্তবে পড়তে যায় আনান। মাদরাসা থেকে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায় সে। দুর্ঘটনার পর ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি ছোট্ট শিশুটি। এভাবে কেটে যায় প্রায় ২০ দিন।

পরে শারীরিক সমস্যার কারণে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা এক্স-রে পরীক্ষা করার পর এমআরআই করার পরামর্শ দেন। এরপর মেয়েকে নিয়ে খুলনার প্রিন্স হাসপাতালে যান তার বাবা-মা। সেখানে সহকারী অধ্যাপক চিকিৎসক গৌতম কুমার মুখার্জির পরামর্শ নেন তাঁরা।

পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক আনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

কিন্তু ঢাকায় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য ব্যয় বহন করার সামর্থ্য নেই নিম্ন আয়ের পরিবারটির। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দুই লাখ টাকা। মেয়েকে সুস্থ করে তুলতে বাবা-মায়ের আকুলতা থাকলেও অর্থের অভাবে তাঁরা অসহায় হয়ে পড়েছেন।

একটি শিশুর কাছে পৃথিবী মানেই আনন্দ, স্বপ্ন আর দুরন্ত শৈশব। অথচ সেই শৈশবেই অনিশ্চয়তার মুখে পড়েছে আনানের জীবন। যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, সে বয়সে তাকে নির্ভর করতে হচ্ছে চিকিৎসা আর পরিবারের অসহায় অপেক্ষার ওপর।

আনানের বাবা-মায়ের আকুল আবেদন সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসী ভাই-বোনেরা যেন শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে আনানের সুস্থ হয়ে ওঠার স্বপ্ন পূরণের বড় অবলম্বন।

আসুন, অর্থের অভাবে আট বছরের একটি শিশুর স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন থেমে যেতে না দিই। মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াই আনানের পরিবারের।

আপনার সহযোগিতায় হয়তো আবারও হাসবে ছোট্ট আনান, ফিরবে স্কুলের শ্রেণিকক্ষে, ফিরে পাবে তার হারিয়ে যাওয়া শৈশব।

আনানের চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন 01950639905

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।