ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » যশোরে এতিম শিশুদের মুখে হাসি ফোটাল ‘বিবেক’

যশোরে এতিম শিশুদের মুখে হাসি ফোটাল ‘বিবেক’

অর্ধশতাধিক এতিম শিশুকে নিয়ে দিনভর আনন্দ-উৎসব, খেলাধুলা ও খাবার বিতরণ

যশোর প্রতিনিধি:
যশোরে অর্ধশতাধিক এতিম শিশুর মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (সরকারি নিবন্ধন নং- যশোর ১৭০৭/২৩)। খাবার বিতরণের পাশাপাশি দিনভর খেলাধুলা, আনন্দ-উৎসব ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে এতিম শিশুরা।

শনিবার(১৯ অক্টোবর) যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর এলাকায় অবস্থিত খাজা গরীবে নেওয়াজ বালিকা সদন এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে এতিম শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সংগঠনের সদস্যদের সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতে ওঠে তারা।

শিশুদের জন্য আয়োজন করা হয় বিস্কুট দৌড়, চেয়ার বদল, বালিশ বদলসহ নানা ধরনের মজার খেলাধুলা। খেলাধুলার সময় শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এতিমখানা। দিন শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী নয়জন শিশুকে পুরস্কৃত করা হয়।

পরে এতিম শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ দুপুরের খাবারের। খাবারের মেনুতে ছিল গরুর গোশত, চর্বি দিয়ে মুগ ডাল, মুরগির রোস্ট, সাদা ভাত ও দই। পছন্দের খাবার পেয়ে শিশুদের আনন্দ যেন আরও বেড়ে যায়।

এ সময় অর্ধশতাধিক পিতা-মাতাহীন শিশুর সঙ্গে উপস্থিত ছিলেন খাজা গরীবে নেওয়াজ বালিকা সদন এতিমখানার পরিচালক মিসেস মমতাজ পারভীন, কোষাধ্যক্ষ মিকাইল হোসেন, শিক্ষিকা আফরোজা বেগম, ইংরেজি শিক্ষিকা সায়মন সুমা, আরবি শিক্ষক ইউনুস আলী ও দর্জি মাস্টার ইয়াসমিন বেগম।

অনুষ্ঠানে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ওবাইদুল ইসলাম অভি বলেন, ‘মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় এতিম শিশুদের পাশে দাঁড়ানোর এ আয়োজন। এতিম শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের সঙ্গে কিছু সময় আনন্দ ভাগ করে নিতে পারা আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ওবাইদুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনির তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সবুর, উপদেষ্টা হোসেন আলী, সহসভাপতি শেখ আমির আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা রুমা, সদস্য মনির হোসেন ও গোলাম রসুল।

এছাড়া এতিম শিশুদের জন্য আয়োজিত এ মানবিক কর্মসূচিতে নেপথ্য থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপদেষ্টা রশিদ আহমেদ মুকুল, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুস সবুর, উপদেষ্টা হোসেন আলী, সিনিয়র সহসভাপতি নাসির খন্দকার, উপদেষ্টা সঞ্জয় কুমার মল্লিক, সহসভাপতি শেখ আমির আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব উদ্দিন, প্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ এবং যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম।

দিনব্যাপী এ আয়োজনে খাবার, খেলাধুলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এতিম শিশুদের মাঝে তৈরি হয় আনন্দের আবহ। তাদের হাসি-আনন্দে প্রাণবন্ত হয়ে ওঠে এতিমখানার পরিবেশ।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, একবেলার খাবার হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা ও মমতার সঙ্গে কাটানো একটি আনন্দময় দিন একটি শিশুর মনে দীর্ঘদিনের সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। সমাজের প্রতিটি স্তর থেকে যদি এমন মানবিক উদ্যোগ এগিয়ে আসে, তাহলে অসহায় ও এতিম শিশুদের জীবনেও আনন্দের আলো আরও বিস্তৃত হবে।

বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগ তাই শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।