ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home অন্যান্য...খোলা কলাম নীরব বিচ্ছেদ

নীরব বিচ্ছেদ


ওবাইদুল ইসলাম অভি:

সংসার ভাঙে না একদিনে। ভাঙে না কোনো ঝড়ে, কোনো চিৎকারে, কিংবা এক মুহূর্তের রাগে।
সংসার ভাঙতে শুরু করে খুব নীরবে হাসির ছলে, ব্যস্ততার আড়ালে, না বলা কিছু অভিমানে।

প্রেম করে হোক কিংবা পারিবারিকভাবে, প্রতিটি সংসারের শুরুটা হয় ভালোবাসা, স্বপ্ন আর একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্তান, সংসারের দায়িত্ব, অর্থনৈতিক চাপ আর ভবিষ্যতের চিন্তা দুজনকেই ব্যস্ত করে তোলে।

অনেক সময় দেখা যায় অর্ধাঙ্গিনি স্ত্রী সংসার আর সন্তানদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে অজান্তেই স্বামীর জন্য সময়, যত্ন আর আগের মতো মনোযোগ কমে যায়। আবার অনেক স্বামীও কাজের চাপ, ক্লান্তি কিংবা নিজের অনুভূতি প্রকাশ না করার কারণে ধীরে ধীরে স্ত্রীর কাছ থেকে দূরে সরে যান।
সবচেয়ে বড় সমস্যা শুরু হয় তখন, যখন দুজনের কেউই নিজের অভিমান মুখ খুলে বলতে পারে না।

অনেক পুরুষের একটি মানসিক বৈশিষ্ট্য হলো, সম্পর্কের মধ্যে প্রতিনিয়ত মুখে মুখে তর্ক, কটূক্তি বা অসম্মানজনক ভাষা তাদের গভীরভাবে আঘাত করে। আবার অনেক নারীও অবহেলা, নীরবতা বা গুরুত্ব না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে একজন কথা বাড়ান, আরেকজন চুপ করে যান। কিন্তু সেই নীরবতাই একসময় সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে।
একটা সময় এসে স্বামী অনুভব করেন,তিনি যেন শুধু সংসারের দায়িত্ব পালন করা একজন মানুষ, ভালোবাসার মানুষ নন। সেই শূন্যতার মাঝেই যদি কোথাও সামান্য সম্মান, খোঁজখবর বা আন্তরিকতা পান, দুর্বল মুহূর্তে সেদিকে মন টানতে পারে। তবে এটাও সত্য, কিছু মানুষ কোনো অভাব ছাড়াই ভুল সম্পর্কে জড়িয়ে পড়েন যা কখনোই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে অনেক স্ত্রী ভাবতে শুরু করেন,
স্বামী তো আমারই। কোথায় যাবে? সন্তান আছে, সমাজ আছে, সংসার আছে।

আর স্বামীও অনেক সময় সন্তান, পরিবার আর মান-সম্মানের কথা ভেবে নিজের কষ্টগুলো বুকের ভেতর চেপে রাখেন। এরপর শুরু হয় নীরব দূরত্ব।
একসঙ্গে থেকেও গল্প হয় না। একসঙ্গে খেয়েও মন মেলে না। রাতে দুজন দুদিকে মুখ ফিরিয়ে ঘুমানো।
একসময় আলাদা ঘরে ঘুমানোও স্বাভাবিক হয়ে যায়।

স্বামী দেরি করে বাড়ি ফিরলেও কেউ আর জিজ্ঞেস করে না, এত দেরি হলো কেন?

স্ত্রী চুপচাপ থাকলেও কেউ আর বলে না,
তোমার কী হয়েছে? বাইরে থেকে দেখে মনে হয় সংসার ঠিকই চলছে কিন্তু বাস্তবে সম্পর্কটা অনেক আগেই ভেঙে গেছে। এটাই হলো হাসির ছলে নীরব বিচ্ছেদ।

ভালোবাসা শুধু দায়িত্বের নাম নয়। ভালোবাসা মানে প্রতিদিন একটু সময় দেওয়া, একে অপরের কথা মন দিয়ে শোনা, সম্মান করা, ভুল হলে ক্ষমা চাওয়া, আর অভিমান জমতে না দেওয়া।

কারণ
সংসার ভাঙে না বড় কোনো ঝড়ে।
সংসার ভাঙে ছোট ছোট অবহেলা, অহংকার, মুখে মুখে তর্ক আর দীর্ঘ নীরবতার দেয়ালে।
একদিন যখন বুঝবেন, মানুষটা আর আগের মতো নেই তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই সম্পর্ক বাঁচাতে আজই প্রিয় মানুষটার পাশে বসুন, কথা বলুন, তার মনটা বোঝার চেষ্টা করুন। কারণ, যত্নের অভাবেই ভালোবাসা সবচেয়ে বেশি হারিয়ে যায়।
দির্ঘ সংসার জিবনের প্রথম দিন যেভাবে ভালোবেসেছিলেন আজও তেমন করেই ভালো বাসতে শিখুন দেখবেন সংসার কত মধুময়।

টাইম ভিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর