জিপিটি ৫.৫-এর উত্তরগুলো কতটা সংক্ষিপ্ত সেটি বুঝাতে ওপেনএআইয়ের করা পোস্ট। ছবি : সংগৃহীত
জেমিনি বা ক্লডের মতো সংক্ষেপে দ্রুত উত্তর দেওয়ার ফিচার নিয়ে ২৩ এপ্রিল বাজারে এসেছে জিপিটি ৫.৫। নতুন মডেলে লেখা সম্পাদনা ও সফটওয়্যার কোডের বাগ বের করায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
ধাপে ধাপে কাজ বুঝিয়ে দেওয়ার প্রয়োজনও আর নেই, জটিল কাজের দায়িত্ব দেওয়া হলে কী করতে হবে তা নিজ থেকেই বুঝতে সক্ষম জিপিটি ৫.৫। তবে সবচেয়ে বড় পরিবর্তন, নতুন ইমেজ জেনারেশন অ্যালগরিদম আর অপ্রয়োজনীয় শব্দচয়ন ছাড়াই উত্তর দেওয়ার ক্ষমতা। পাশাপাশি বাড়ানো হয়েছে সেফটি গার্ডরেইলস, যাতে ব্যবহারকারীরা জিপিটি কাজে লাগিয়ে সহিংস বা অবৈধ কাজের পরিকল্পনা করতে না পারে। ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৫.৫ কম টোকেন ব্যবহার করে তাই টোকেনের পেছনে ব্যবহারকারীদের খরচ অনেকটাই কমে যাবে।
নতুন মডেলটি আপাতত শুধু পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মোচন করা হয়েছে, ফ্রি অ্যাকাউন্টেও শিগগিরই ব্যবহার করা যাবে। kalerkantho
