ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home স্পোর্টস বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো.ইবোলা আতঙ্কে

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো.ইবোলা আতঙ্কে

দেশের পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশটির রাজধানী কিনশাসায় এই অনুশীলন ক্যাম্পটি হওয়ার কথা ছিল।

খবর বিবিসি
ইবোলার সংক্রমণে আফ্রিকান দেশটিতে ইতিমধ্যে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) দেশটির দক্ষিণ কিভু প্রদেশে নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। এর মাধ্যমে স্পষ্ট, ভাইরাসের মূল উৎপত্তিস্থল (এপিসেন্টার) ছাড়িয়ে সংক্রমণ এখন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক উদ্বেগের কারণ হতে পারে এমন জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে।

তবে সংস্থাটি আশ্বস্ত করে বলেছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি (প্যান্ডেমিক) পর্যায়ে পৌঁছায়নি।
কঙ্গো ফুটবল দলের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ১৯৭৪ সালের পর এবারই প্রথম কঙ্গো ফুটবল দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে ঘরের মাঠের প্রস্তুতি ক্যাম্পটি এখন বেলজিয়ামে সরিয়ে নেওয়া হবে।

দলের মুখপাত্র জেরি কালেমো জানান, ঘরের মাঠে ক্যাম্প বাতিল হলেও ইউরোপের মাটিতে পূর্বনির্ধারিত প্রীতি ম্যাচগুলো যথাসময়েই অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ মিশন শুরুর আগে ৩ জুন বেলজিয়ামে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ‘দ্য লেপার্ডস’ (কঙ্গো দল)। এরপর ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কঙ্গো দল জানিয়েছে, ‘আগামী ২৬ মে কঙ্গোর রাজধানীতে দর্শকদের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। কিন্তু উত্তর কিভু ও ইতুরি প্রদেশে সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হওয়ায় তা বাতিল করা হয়েছে।’ এই পরিস্থিতির কারণে দলটির ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে-এর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটিও অনিশ্চয়তার মুখে পড়েছে।

কঙ্গো ফুটবল দলের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে, ক্যাম্প বাতিলের পেছনে অন্যতম বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

মার্কিন জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কঙ্গোতে ইবোলা ছড়িয়ে পড়ার কারণে গত ২১ দিনের মধ্যে যারা কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন, এমন কোনো অ-মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে কঙ্গো জাতীয় দলের সব ফুটবলারই দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক ক্লাবে খেলেন। ফলে ক্যাম্প বাতিল করায় খেলোয়াড়দের ওপর এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।

এদিকে কঙ্গোর ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে যারা মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন, সেই সব সমর্থক ও সাংবাদিকেরা পড়েছেন চরম বিপাকে। ইবোলা প্রাদুর্ভাবের কারণে কঙ্গোতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

এই সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কঙ্গোর জাতীয় টেলিভিশনের এক ক্রীড়া সাংবাদিক। তিনি প্রশ্ন তোলেন, ‘যেখানে প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল (ইতুরি প্রদেশ) থেকে রাজধানী কিনশাসা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে এবং রাজধানীতে এখনো কোনো রোগী পাওয়া যায়নি, সেখানে আমাদের কেন বিশ্বকাপে যেতে বাধা দেওয়া হবে? পুরো দেশের ওপর কেন এই নিষেধাজ্ঞা?’

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৬০০ জন সন্দেহভাজনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুর কথা বললেও, কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৫৯ জনে পৌঁছেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইবোলার একটি বিরল প্রজাতি ‘বুন্দিবুগিও’-এর কারণে এবারের প্রাদুর্ভাব ঘটেছে। বর্তমানে এই প্রজাতির কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এর কার্যকর টিকা তৈরি করতে আরও অন্তত নয় মাস সময় লেগে যেতে পারে।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

fb7b8ef80b140742322e55eb1546da4b

জাতীয় এর সর্বশেষ খবর