ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home জাতীয়বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত বাকেরগঞ্জ

বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত বাকেরগঞ্জ

by admin

​মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বাণী নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করা হয়েছে।


​সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।


​উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর সাহিত্যকর্ম আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রেরণা যোগায়। নতুন প্রজন্মের নিকট কবির বৈচিত্র্যময় সৃষ্টিশীলতা ও অসামান্য অবদানকে পৌঁছাতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ বিশেষ ভূমিকা রাখবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা নজরুলের মানবিক মূল্যবোধ ও প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠুক।”
​সভায় অন্য বক্তারা জাতীয় কবির মানবতাবাদ, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা ও সাহিত্যকর্মের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা উল্লেখ করেন, নতুন প্রজন্মের নিকট নজরুলের সৃষ্টিশীলতা ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বরকে কার্যকরভাবে পৌঁছে দিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।


​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান।


​এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​আলোচনা পর্ব শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে পরিবেশিত হয় চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান। চমৎকার নজরুল গীতি ও কবিতা আবৃত্তির মাধ্যমে সমগ্র মিলনায়তনে সৃষ্টি হয় এক ভাবগম্ভীর ও উৎসবমুখর আবহ।

You may also like

Leave a Comment