Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
রোদ চরাচরের একলা ঘুঘু

চিলেকোঠার জানালা ভর করে

নেমে আসে নিঃসঙ্গ আলো,

ধুলো মাখা সিঁড়ির বাঁকে বসে থাকে

হারানো কিশোরীর গানের প্রতিধ্বনি।

মেঘেরা তখন দূরের মাঠে

ফিসফিস করে ঝরে পড়ে,

কাকেরা ডেকে যায় একাকী রোদকে

শুধু নিজস্ব নাম ধরে।

বুকের ভেতর টের পাই

বাতাসের বেহালা বাজে নিঃশব্দ,

যেন কারো ছায়া পেরিয়ে এলো

অপ্রকাশিত গল্প নিয়ে।

অথচ দেখো—

অপেক্ষা বলে কিছু নেই,

শূন্য উঠোনে ছড়িয়ে থাকে

কেবল ভাঙা মাটির কলস,

নিস্তব্ধ দুপুরে ঝরঝরে পাতা

মৃত প্রার্থনার মতো পড়ে যায়।