Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
ভারতের ভূঁইফোড় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:


ভারতের পশ্চিমবঙ্গের ভুঁইফোড় গণমাধ্যমে প্রেসক্লাব যশোরের বার বার নির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য ও দক্ষিণবঙ্গের গণমানুষের জননন্দিত নেতা অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে নিয়ে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ের আলোচনায় অযাচিতভাবে চরম মিথ্যাচার করা হয়েছে।


ভারতের গণমাধ্যমের দু'জন আলোচক বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যা বয়ান হাজির করেছেন। সেখানে যশোরের মাটিতে ভারত বিরোধিতার ছক কষা হয়েছে মর্মে যা বলা হয়েছে তা নির্জলা মিথ্যা। এঘটনায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এই জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।


অপর এক বিবৃতিতে সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং একেএম গোলাম সরওয়ার এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। ইদানিং ভারতীয় গণমাধ্যমে এধরণের আজগুবি ও কল্পকাহিনী হরহামেশা দেখা যাচ্ছে।


পাকিস্তানের কোনো নেতা যশোরে আসার কাহিনী সিনেমার গল্পের মতো। এছাড়া দেশের আরও কয়েকজন খ্যাতনামা ব্যক্তিকে নিয়েও কুৎসা রটনা করা হয়েছে। ভারতের বিভিন্ন মিডিয়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদদের চরিত্র হননে সরস গল্প তৈরি করছে।


এতে আমরা বিচলিত নই। আমরা শুধু এ বিষয়ে শেরে বাংলা একে ফজলুল হকের সেই বক্তব্য স্মরণ করিয়ে দিতে চাই যে, "যখন ভারতের পত্রিকায় এদেশের সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লেখা হয় তখন বুঝবে আমি সঠিক পথে আছি, আর পক্ষে লিখলে বুঝবে আমি ভুল পথে আছি। আফসোস, ভারতীয় মিডিয়ার সেই চরিত্র আধুনিক সভ্য সময়েও বদলায়নি। আমরা দেশবাসীকে এসব দুর্গন্ধযুক্ত পঁচা ভিউখোর কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।


আমরা হুশিয়ার করে বলতে চাই, এই মিথ্যা সংবাদ প্রচারের সাথে যশোরের কোনো ব্যক্তি বা মহল জড়িত থাকলে তাদের খুঁজে বের করার জন্য গোয়েন্দা সংস্থাগুলির দৃষ্টি আকর্ষন করছি। একই সাথে এই জঘন্যতম মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।